প্রিন্ট এর তারিখঃ Mar 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
আপিলে ৪১৭ জনের প্রার্থিতা বৈধ, মোট প্রার্থী ২ হাজার ২৫৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে ৪১৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে নির্বাচনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৫৩ জন।
রোববার (১৮ জানুয়ারি) নয় দিনের আপিল শুনানি শেষ করে নির্বাচন কমিশন । এর আগে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সারা দেশে আড়াই হাজার মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। এতে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।
প্রাথমিক যাচাই শেষে ৩০০ সংসদীয় আসনে বৈধ প্রার্থী ছিলেন ১ হাজার ৮৪২ জন। পরে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ৬৪৫ জন আপিল করেন। ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া আপিল শুনানিতে নয় দিনে ৪১৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।
ইসি জানায়, তফসিল অনুযায়ী আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
এবার আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীর সংখ্যা আগের নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই-বাছাইয়ে ৭৩১টি মনোনয়ন বাতিল হয়েছিল। সে সময় ৫৬০ জন আপিল করলে ২৮৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।
আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘অনেকে আমাদের সমালোচনা করতে পারেন। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিষয়টি আমরা কীভাবে বিবেচনা করেছি, তা আপনারা দেখেছেন। কারণ আমরা চাই নির্বাচন অংশগ্রহণমূলক হোক। সবার অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন আয়োজন করাই আমাদের লক্ষ্য। তবে এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলাদেশ ২৪৭